সালমান খানকে নিশানায় না পেয়ে একের পর এক বলিউড তারকাকে নিশানা করছে লরেন্স বিশ্নোই গ্যাং। তালিকায় নাম ছিল সঞ্জয় দত্তেরও। টাইগার শ্রফের ওপর গুলি ছোড়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে তথ্যটি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বাড়ি নিরাপত্তার চাদরে ঢাকা। তাই সেখানে হামলা সহজসাধ্য নয় বলে পরিকল্পনা বদলায় বিশ্নোই গ্যাং। বলিউডের অন্য অভিনেতাদের বাড়িতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয় শুটারদের। ওই সময় সঞ্জয় দত্তের বাড়িতে নজরদারি চালানো শুরু করে তারা। কেননা সালমানের সঙ্গে খলনায়কের সখ্যতার কথা সবার জানা।
তদন্তকারীদের দাবি, অক্টোবরের প্রথম সপ্তাহে হামলাকারীরা বুঝতে পারে সালমানের বাড়িতে অঘটন ঘটানো সম্ভব না। তারা বিষয়টি বিশ্নোই গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিতকে জানায়। অনিল তখন বলিউডের অন্য অভিনেতাদের বাড়িতে নজরদারি করার নির্দেশ দেয় টাইগারের ঘটনায় ধৃত রেহান এবং ফুল সিংহকে। তারকাদের বাড়ির বাইরের চিত্র ভিডিও করে পাঠানোরও নির্দেশ ছিল অনিলের।
এরপর ওই দুই যুবক প্রথমে ইমরান হাশমি ও আমির খানের বাড়ির চারপাশে ঘুরে দেখে। পরে যায় সঞ্জয়ের পালি হিলের বাড়ি। কিন্তু সঞ্জয়ের বাড়ির বাইরের পরিবেশ সহায়ক ছিল না তাদের জনহ। বড় বড় গাছ থাকায় ঠিক বোঝার উপায় ছিল না বাড়ি থেকে কে বের হচ্ছেন আর কে ঢুকছেন। তাছাড়া সঞ্জয় বাড়ির কোন তলায় থাকেন, কোন গাড়িতে যাতায়াত করেন এবং তাঁর সঙ্গে নিয়মিত কারা থাকেন, সেই তথ্যও জোগাড় করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এমনকি সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের বাড়ির চারপাশের ভিডিও খুঁজতে থাকে তারা। সেসব দেখে মেলাতে থাকে অভিনেতার বাড়ির চারপাশ এবং সেখানে আসা-যাওয়ারতদের গতিবিধি। কিন্তু সফল হতে পারেনি। অগত্যা টাইগারকে লক্ষ্যবস্তু বানায় তারা।
আরআর




