বিচ্ছেদের প্রায় এক দশক পর নিজের প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারকে অন্য এক পুরুষের সঙ্গে বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেতা টবি ম্যাগুইয়ার। শুধু বিয়ের অনুষ্ঠানে হাজিরই ছিলেন না, পাত্র-পাত্রীকে বিয়ের মন্ত্রও পড়িয়েছেন তিনি!
হলিউড থেকে শুরু করে আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় বর্তমানে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘটনা। বিচ্ছেদের পরও এমন নজিরবিহীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সচরাচর দেখা যায় না।
গত শনিবার (১০ অক্টোবর) হাওয়াইয়ের অভিজাত ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে বসেছিল গহনা ডিজাইনার জেনিফার মেয়ার এবং জেফ্রি ওগুনলেসির বিয়ের আসর। পাত্র জেফ্রি হলেন বিখ্যাত নাইজেরীয় ধনকুবের আইনজীবী ও বিনিয়োগ ব্যাংকার আদেবায়ো ওগুনলেসির ছেলে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সব ছাপিয়ে খবরের শিরোনামে চলে আসেন জেনফারের প্রাক্তন স্বামী স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা টবি ম্যাগুইয়ার। সাধারণ একজন অতিথি হিসেবে নয়, বরং বিয়ের পুরোহিত হিসেবে তিনি নিজে মুখে মন্ত্র পড়ে সাবেক স্ত্রীর বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। অনুষ্ঠানে নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তটির সাক্ষীও থাকতে দেখা যায় তাঁকে।
তারকাবহুল বিয়ের আসরে উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেকেই। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, জনপ্রিয় অভিনেত্রী কর্টেনি কক্স, এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।
উল্লেখ্য, ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দীর্ঘ ৯ বছর পর ২০১৬ সালে টবি ও জেনিফারের বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে তাঁরা ডিভোর্সের আবেদন করেন। তাদের দাম্পত্য জীবনে দুইটি সন্তান রয়েছে। গত সেপ্টেম্বর মাসে তাঁদের বিবাহিত জীবনের চূড়ান্ত আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়।
ইএইচ/




