ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে মার্ভেল ইউনিভার্সের নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম দিনে হলিউডের ইতিহাসে ভারতে সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত ছবিটি।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ১৭ হাজার ২৫০টি শো থেকে নেট এবং গ্রস মিলিয়ে প্রায় ৭২ কোটি ৪৪ লাখ টাকার ব্যবসা করেছে। এর আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ভারতে মুক্তির প্রথম দিনে ৬৫ কোটি টাকা আয় করেছিল। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল মার্ভেলের নতুন ছবি। মুক্তির দিন হলে দর্শক উপস্থিতি ছিল প্রায় ৭২ দশমিক ৩ শতাংশ।
বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে ইংরেজি সংস্করণটি সবচেয়ে বেশি আয় করেছে। প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা ঘরে তুলেছে। এদিকে হিন্দি ডাবিং সংস্করণটি প্রায় ২২ কোটি টাকা নেট আয় করেছে। এছাড়া আঞ্চলিক ভাষার মধ্যে তামিল সংস্করণ ৩ কোটি টাকা, তেলেগু প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে।
ডেস্টিন ড্যানিয়েল ক্রিটন পরিচালিত ছবিতে পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন জেনডায়া, স্যাডি সিংক, জন বার্নথাল এবং মার্ক রাফালো। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর বিশ্বের কাছে নিজের পরিচয় হারিয়ে নতুনভাবে নিউ ইয়র্কের চেনা সুপারহিরো হিসেবে জীবন শুরু করার গল্প তুলে ধরা হয়েছে।
ইএইচ/




