স্পাইডার ম্যান নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রত্যেকবার নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন এ সিরিজের অনুরাগীরা। তাদের জন্য মন ভালো করা খবর, আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।
স্পাইডার ম্যানের বাংলাদেশী ভক্তদের জন্যও রয়েছে একটি চমকপ্রদ খবর। সেটি হলো, আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মুক্তির আগের দিন ৩০ জুলাই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। জেন্ডায়াও থাকছেন আগের মতোই।
জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলো-এর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এবার বেশ কয়েকটি নতুন মুখের সংযোজন ঘটছে। পিটারের স্মৃতি মুছে যাওয়ার পর এমজে তার জীবনে নতুন করে এগিয়েছে। ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডি এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী সেডি সিঙ্ক রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।
‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা। নো ওয়ে হোম-এর শেষে ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর পর বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে। পার্কার স্পাইডার-ম্যান নায়ক হিসেবে বেনামে নিউ ইয়র্ক শহরকে রক্ষা করে এবং একটি হুমকির তদন্ত করে, যখন তার অতিমানবীয় শক্তিগুলো একটি আশ্চর্যজনক এবং সম্ভাব্য বিপজ্জনক বিবর্তনের মধ্য দিয়ে যায়। পিটার পার্কার সম্পূর্ণ একা। একাকীত্ব, মানসিক চাপ এবং রহস্যময় শত্রুর আবির্ভাব তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে।
প্রযুক্তিগত দিক থেকেও অভিনব সিনেমাটি। এটি বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স হলো এক ধরনের উন্নত সিনেমা প্রদর্শন প্রযুক্তি। সাধারণ সিনেমা হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখেন। কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউ উপভোগ করতে পারবেন, যা সিনেমার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করবে।
ট্রেলার প্রকাশের পর রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। প্রথম ২৪ ঘণ্টায় ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লক্ষ ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। অগ্রীম টিকেট বুকিংও চলছে ব্যাপকভাবে।
আরআর




