ইন্দোনেশিয়ার বালিতে শুটিং সেরে কয়েকটা দিন নিজের মতো কাটাতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। সম্ভব হলো না। স্ট্রেচারে শুয়ে মুম্বাই ফিরতে হলো তাকে। শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয়ে হয়েছে অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গেল ১ অক্টোবর বালিতে মারাত্মক দুর্ঘটনার শিকার হন নুসরাত। এতে মেরুদণ্ডের হাড় ভেঙে যায় তার। তড়িঘড়ি করে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কথা ছিল সেখানেই চলবে চিকিৎসা। কিন্তু ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বাইয়ে চিকিৎসা চলবে তার। গেল শুক্রবার জানানো হয় এক বিবৃতিতে।
এদিন নুসরাত ভারুচার অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তার টিমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “অভিনেত্রীর চিকিৎসা মুম্বাইয়েই হবে। দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত ভারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বেশ কয়েকটি পরীক্ষার পর অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।”

সহসা কাজে ফেরা হচ্ছে না অভিনেত্রীর। এরকম ইঙ্গিত দিয়ে আরও বলা হয়, “এই মুহূর্তে নুসরতের স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। আমরা ওঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি, ওখানেই অস্ত্রোপচার হবে। এহেন গুরুতর চোট এবং অস্ত্রোপচারের কারণে তাঁর সুস্থ হয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। এই মুহূর্তে আগামী কয়েক সপ্তাহ ওঁর বিশ্রামের প্রয়োজন। কাজে ফিরতে একটু সময় দরকার।”
এদিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নুসরাতকে স্ট্রেচারে করে নেওয়ার মুহূর্ত। সেখানে দেখা যায়, অ্যাম্বুল্যান্সের ভেতর শুয়ে রয়েছেন অভিনেত্রী। স্ট্রেচারে করে যখন তাঁকে বাইরে বের করা হলো, তখন চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত নেই। নাকে নল। একবার বুকের ওপর হাত রেখে কাউকে কিছু ইশারা করে বললেন। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রীর মাসহ পরিবারের সদস্যরা।
এমন দুর্দশা দেখে কেঁদে উঠেছে নুসরাত অনুরাগী ও সহকর্মীদের হৃদয়। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তারা। কেউ লিখেছেন, ‘হে ঈশ্বর! কাউকে স্ট্রেচারে দেখাটা মোটেও সুখকর নয়।’ কারও মন্তব্য, “সত্যিই, মানুষের নজর লাগে। দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনি।’

বালিতে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন ভারুচা। সৈকতে নিজেকে মেলে ধরা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল হ্যান্ডেলে। জানা গিয়েছিল, টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি। সেই ছবিরই শুটিং চলছিল। শুটিং চলাকালীন গুরুতর আহত হন তিনি।
আরআর




