৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত। তাঁর পরিচালিত এবং প্রযোজিত ‘চালচিত্র এখন’ ছবিটির জন্য এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। প্রথমবারের মতো দিল্লির বাইরে গুজরাটে এক জমকালো অনুষ্ঠানে তারকাদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
‘চালচিত্র এখন’ সিনেমাটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের সম্পর্ক, স্মৃতিচারণ এবং তাঁদের সৃজনশীল যাত্রা নিয়ে নির্মিত। আশির দশকের শুরুর দিনগুলোর অভিজ্ঞতা এবং গুরুর প্রতি শ্রদ্ধা থেকে ছবিটি নির্মাণ করেছিলেন অঞ্জন। ছবিটিতে অঞ্জন অভিনয় করেছেন কুণাল সেনের চরিত্রে।
পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করে অঞ্জন দত্ত বলেন, ‘আমার কাছে সবথেকে বড় পাওনা হল, আমি আর নীল নিজেদের পয়সা দিয়ে সিনেমাটা করতে পেরেছি। এটা যদি অন্য কারও টাকায় হত, তাহলে পুরস্কার বা সম্মাননা অতটা বড় হত না। নিজেদের কষ্টার্জিত অর্থে তৈরি সিনেমার পুরস্কারপ্রাপ্তি আমার কাছে অনেক দামি। এই সিনেমা ঢাকা থেকে প্যারিস, মাদ্রিদ যেখানে গিয়েছে মানুষের মন জয় করেছে। অবশেষে জাতীয় পুরস্কার প্রাপ্তি। অবশ্যই একটা বড় মাইলফলক।’
এর আগে ২০১২ সালে ‘রঞ্জনা আমি আর আসব না’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার ও সেরা বাংলা ফিচার ছবির সম্মান অর্জন করেছিলেন এই শিল্পী। দীর্ঘ ১৪ বছর পর আবারও জাতীয় পুরস্কার পেলেন তিনি।
ইএইচ/




