বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস

অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের বরাত দিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’। 

১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্ম নেওয়া জেমস চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস সিনিয়র ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী। অভিনয় জগতে পা রাখার আগে তিনি যুক্তরাষ্ট্রের আর্মিতে তিন বছর চাকরি করেছিলেন। নিউ ইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে তিনি শিক্ষা জীবন শেষ করেন। এরপর জোসেফ পাপের নিউ ইয়র্ক শেকসপিয়র ফেস্টিভ্যালে  তলোয়ার খেলার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কোপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে তিনি ব্রডওয়েতে পা রাখেন। এর পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে।

স্লোয়ানের বর্ণাঢ্য অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা। ১৯৭৩ সালে জর্জ রয় হিলের অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এ ‘মটোলা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন। ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’-তেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। এছাড়া ১৯৮৩-৮৪ সালের দিকে এবিসির একটি কমেডি নাটকে (সিটকমে) তিনি জনপ্রিয় অভিনেত্রী ম্যাডেলিন খানের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন।

‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের কাছেও তিনি সমানভাবে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকে ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’ সিরিজে চারটি ভিন্ন চরিত্রে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। শুধু পর্দায় নয়, পর্দার পেছনের কণ্ঠশিল্পী হিসেবেও সফল তিনি। ১৯৮৯ সাল থেকে টানা ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি।

তার দীর্ঘ টিভি ক্যারিয়ারে ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’, ‘কোজাক’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘মার্ডার, শি রোট’, ‘দ্য এক্স-ফাইলস’-এর মতো অসংখ্য জনপ্রিয় শোতে যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানকে বিয়ে করেন। তাদের পরিবারে রয়েছে ছেলে ড্যানিয়েলএবং মেয়ে সামান্থা স্লোয়ান। 

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর