মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আমার সামর্থ্যে ওনার যদি চিকিৎসা হয় আমি একাই করব, কেন বললেন চঞ্চল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

আমার সামর্থ্যে ওনার যদি চিকিৎসা হয় আমি একাই করব, কেন বললেন চঞ্চল

অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। খবরটি সংবাদমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা। 

আজ মঙ্গলবার তিনি বলেন, ‘গতকাল রাতে আমাকে কেবিনে নেওয়া হয়েছে। এখন বেড রেস্টে রয়েছি, সব পরীক্ষা-নিরীক্ষার পর আমার ফাইল দেখে চিকিৎসা শুরু করা হবে।’  

এদিকে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুকে রিফাত চৌধুরীকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অস্বচ্ছলতার কারণে তাঁর চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না!’

এরপর রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে লেখেন, ‘যাঁরা ওনাকে ব‍্যক্তিগতভাবে চেনেন, অথবা যাঁরা ওনার কবিতা বা অভিনয়ের ভক্ত বা সহকর্মী আছেন, অথবা আমাদের টেলিভিশন বা সিনেমা মিডিয়ার যতগুলো সংগঠন আছে অথবা সরকারিভাবেও যদি ওনার সুচিকিৎসার ব‍্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট সকলের প্রতি আমার ব‍্যক্তিগত অনুরোধ বা আহ্বান, আসুন আমাদের সাধ‍্যমত ওনার পাশে দাঁড়াই।’

মন্তব্যের ঘরে অনেকেই এ আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন। তবে এক নেটিজেন চঞ্চলকেই রিফাত চৌধুরীর চিকিৎসা ব্যয় বহন করার পরামর্শ দেন। জবাবে অভিনেতা লেখেন, ‘আমার একার সামর্থ্যে যদি ওনার পরিপূর্ণ চিকিৎসা হয়ে যায়, সেটা আমি একাই করব। চিন্তা করবেন না।’ 

এদিকে রিফাত চৌধুরীর পাশে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেতার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দরকার। তার কথায়, ‘আর্থিক সহযোগিতার বিষয়টি নিয়ে আমি রিফাত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তার নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তাই কেউ যদি সহযোগিতা করতে চান, তাহলে আমার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট ০১৯৩৪-৭৪১৪৫০ নম্বরে অনুদান পাঠাতে পারেন। সেটা যথাযথভাবে রিফাত ভাইয়ের কাছে পৌঁছে যাবে।’ 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর