সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঢামেকে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা কামনা

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

ঢামেকে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসায় সহায়তা কামনা
ছোটপর্দার সুপরিচিত অভিনেতা ও কবি রিফাত চৌধুরী

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন ছোটপর্দার সুপরিচিত অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য সহায়তা কামনা করেছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। তার মধ্যে রয়েছে দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতা। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

আরও জানা গেছে, আর্থিক অসচ্ছলতার কারণে রিফাত চৌধুরীর চিকিৎসার ব্যয়ভার বহন নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এ অবস্থায় অভিনেতার চিকিৎসা চালিয়ে যেতে সহকর্মী, বন্ধু, শিল্পী ও সাহিত্যাঙ্গনের মানুষসহ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন রিফাত চৌধুরী। আশির দশকে লেখালেখির মধ্য দিয়ে তার সাহিত্য জগতে পথচলা শুরু হয়। সে সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

সাহিত্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন রিফাত চৌধুরী। প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বিভিন্ন জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে।

বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। চরিত্রটি দর্শকদের মধ্যে তাকে আলাদা করে পরিচিত করে তোলে।

অসুস্থতার মধ্যেও আবার অভিনয়ে ফিরতে এবং কবিতা লেখার ইচ্ছা প্রকাশ করেছেন রিফাত চৌধুরী। তার দ্রুত সুস্থতার জন্য চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা এখন জরুরি বলে জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

রিফাত চৌধুরীর চিকিৎসা ও সুস্থতার জন্য সহকর্মী, বন্ধু, শিল্পী, সাহিত্যিক এবং শিল্প-সাহিত্যসংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর