১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রপ্রেমীদের নাড়া দিয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর নতুন রূপে বড় পর্দায় ফিরছে সিনেমাটি। মূল গল্পকে অপরিবর্তিত রেখে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান।
মূল সিনেমাতে ফেরদৌস ও প্রিয়াঙ্কার রসায়ন সিনেমাপ্রেমীদের হৃদয়ে এখন তাজা হয়ে রয়েছে। ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও নতুন দুই মুখকে সামনে এনেছেন নির্মাতা। ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফাকে। নতুন জুটি প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
নতুন জুটির পাশাপাশি আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান এবং ঝুনা চৌধুরী প্রমুখ।
নচিকেতা চক্রবর্তীর সুরে মূল সিনেমার ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের মনে জায়গা করে রেখেছে। পুরনো সেই নস্টালজিয়া ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের রুচির কথা মাথায় রেখে ওই ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে। পাশাপাশি নতুন সিনেমাটিতে যুক্ত করা হয়েছে দুটি নতুন গান।
নির্মাতারা জানিয়েছেন, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ইএইচ/




