মুক্তির দুই যুগ পরও চিরসবুজ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’। চলতি বছরের মে তে ছবিটির রিমেকের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ‘আবার হঠাৎ বৃষ্টি’ ছবির উপদেষ্টা পরিচালকের দায়িত্বে ছিলেন ছটকু আহমেদ। সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বর্ষীয়ান এ নির্মাতা।
‘আবার হঠাৎ বৃষ্টি’ এই মুহূর্তে কোন পর্যায়ে আছে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে ছটকু জানান তিনি ছবিটির সঙ্গে আর নেই। বলেন, ‘সিনেমাটির সঙ্গে আমি আর নেই। উপদেষ্টা পরিচালকের পদ থেকে সরে এসেছি।’

এর পেছনে অন্য কোনো কারণ নেই বলে জানালেন ছটকু। কারণ জানতে চাইলে বলেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না। সে কারণেই সরে আসা। এখন তথ্য দিতে পারবেন ছবির পরিচালক কামরুজ্জামান।’
‘আবার হঠাৎ বৃষ্টি’ -এর কামরুজ্জামান বলেন, ‘শুটিং শেষ। এখন ডাবিং চলছে।’ এর আগে ভালোবাসা দিবসের মুক্তির কথা থাকলেও সিদ্ধান্ত বদলেছে। পরিচালক বললেন, ‘পয়লা বৈশাখে মুক্তি পাবে ছবিটি।’
ছটকু আহমেদের সরে যাওয়া প্রসঙ্গে বললেন, ‘বাংলাদেশে উপদেষ্টা পরিচালকের পদটি সেভাবে নেই। উনি ছিলেন এ ছবির সঙ্গে। মাঝে মাঝে যেতেন। এখন শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেন না।’

‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। দুজনেই ছিলেন নতুন মুখ। রিমেকও নির্মিত হয়েছে নতুন দুই মুখ নিয়ে। তারা হলেন সাদী খান ও রাফিদা।
অজিত চরিত্রে অভিনয় করেছেন সাদী খান এবং দীপা নন্দীর চরিত্রে রাফিদা। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজুসহ অনেকে।
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় ১৯৯৮ সালে মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। প্রথম সিনেমা দিয়েই আকাশছোঁয়া জনপ্রিয়তা পান ফেরদৌস। পাশাপাশি ঘরে তোলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আরআর




