ইতালির ভেনিসে একটি পার্কে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে। এমনকি তাঁকে শারীরিকভাবে আঘাত করেছে। হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকারা। এই তালিকায় আছেন অভিনেত্রী সাফা কবির।
বাঁধনের ওপর হামলার ঘটনায় ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ ও লজ্জিত উল্লেখ করে সাফা কবির লিখেছেন, ‘বাঁধন আপু ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা। অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’
শিল্পীদের রাজনীতিতে টানার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি যোগ করেন, ‘দুঃখজনকভাবে, আমাদের দেশের শিল্পীদের বারবার কোনো না কোনোভাবে রাজনীতির জঘন্য টানাপোড়েনের মধ্যে টেনে আনা হয়। শিল্পী সত্য, ন্যায় ও মানুষের কথা বলবেন এটাই তো শিল্পীর স্বাধীনতা। কিন্তু সেই কণ্ঠের জন্য কেন তাঁকে বারবার মূল্য দিতে হবে? আরও কষ্ট হয় যখন কিছু মানুষের আচরণের কারণে পুরো জাতিকে বিচার করা হয়, আমাদের হিংস্র, উগ্র কিংবা অসভ্য হিসেবে পরিচিত হতে হয়। কিছু মানুষের কাজের দায় কেন একটি পুরো দেশের মানুষ বহন করবে? কেন সাধারণ বাংলাদেশিদের তার মূল্য দিতে হবে, দেশের বাইরে সম্মান থেকে শুরু করে ভিসা কিংবা চলাচলের ক্ষেত্রেও?’
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে সাফা কবির লিখেছেন, ‘বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে তাতে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান। তবে একই সঙ্গে ভয়ও হয় এই ঘটনাটিও কি কয়েক দিনের খবর হয়ে থাকবে? কিছু আলোচনা, কিছু প্রতিবাদ, কিছু সংবাদ তারপর নতুন কোনো ঘটনার নিচে চাপা পড়ে যাবে?’
সবশেষে তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই। কারণ একজন শিল্পীর নিরাপত্তা, সম্মান এবং স্বাধীনতার প্রশ্ন শুধু একজন শিল্পীর নয় এটি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের পরিচয়েরও প্রশ্ন। একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনীতির মূল্য হওয়া উচিত নয়।’
ইএইচ/




