বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার বাড়ির বিদ্যুতের মেইন লাইন এবং এসির তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল কেটে নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অবস্থিত বাবুর পৈতৃক নিবাস ‘কামরাঙ্গা’। পেশাগত ব্যস্ততার কারণে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও জন্মভূমির টানে মাসে অন্তত এক-দুইবার গ্রামের বাড়িতে আসেন তিনি। সর্বশেষ ২৫ দিন আগে তিনি বাড়িতে এসে দুই দিন কাটিয়ে ঢাকায় ফিরেছিলেন।

পুলিশ ও অভিনেতা সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তার সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির সংযোগের তার নেই। পাশাপাশি বাড়ির বাইরে রাখা বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান।

এ বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাবু গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার জন্মস্থান, তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানকার পরিবেশ খুব ভালো ছিল এবং আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম। কিন্তু সম্প্রতি এলাকায় চুরির উপদ্রব অনেক বেড়ে গেছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতায় ফেলছে।’

চুরির ঘটনার জন্য স্থানীয় মাদকাসক্তদের দায়ী করেছেন এই অভিনেতা। তিনি অভিযোগ করেন, শুধু তার বাড়িতেই নয়। আশপাশের আরও কয়েকটি বাড়িতেও সম্প্রতি একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। মাদক কেনার টাকা জোগাড় করতেই স্থানীয় মাদকসেবীদের একটি চক্র এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে ধারণা করছেন তিনি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু সশরীরে থানায় এসে বিদ্যুতের তার ও মালামাল চুরির বিষয়ে একটি জিডি করেছেন। পুলিশ ইতিমধ্যে চুরির সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর