বিয়ের পাঁচ বছর পর সন্তানের বাবা-মা হলেন বলিউডের শিল্পী দম্পতি আনুশকা রঞ্জন ও আদিত্য শীল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় পরিবারে খুশির আমেজ। তবে এই হাসি ফোটাতে যতটা যন্ত্রণা আনুশকাকে সইতে হয়েছে সন্তানের জন্য কম নারীকেই এত কষ্ট সহ্য করতে হয়। জোড়া কন্যার মা হতে দেড়শো ইনজেকশন নিতে হয়েছে অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে মা হয়েছেন আনুশকা। এটি সন্তান ধারণে অক্ষম দম্পতিদের জন্য একটি বিশেষ প্রজনন চিকিৎসা। তবে পথটি সহজ নয়। বেশ শারীরিক যন্ত্রণা সহ্য করেই এগুতে হয়।

গেল জুনে সে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন আনুশকা। জানিয়েছিলেন মা হওয়ার জন্য কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। শুরুর সময় মনে হয়েছিল শরীরে কোনো সমস্যা রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপলব্ধি করতে পারেন বিষয়টি। এ পদ্ধতিতে মা হতে দেড়শোটি ইনজেকশন নিতে হয়েছে অভিনেত্রীকে। যে অভিজ্ঞতা ছিল যন্ত্রণাদায়ক। তবে পরিবারের সমর্থন ও মানসিক শক্তিকে ঢাল করে এগিয়েছেন তিনি। ফলস্বরুপ আজ কোলজুড়ে দুই কন্যা।
সামাজিক মাধ্যমে মা-বাবা হওয়ার খবর যৌথ বিবৃতিতে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সন্তানদের নামও জানিয়েছেন সবাইকে। ইনস্টাগ্রামে একটি প্রতীকী ছবি ভাগ করে তারা লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সুখবর সকলকে জানাচ্ছি। আমাদের হৃদয় আজ ভালোবাসায় পরিপূর্ণ। ২৩.০৮.২০২৬-এ আমাদের জীবনে এসেছে আমাদের দুই কন্যা, ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। আমার দুই সূর্যালোক আমাদের জীবনকে আলোকিত করতে এসেছে।’
চার বছর চুটিয়ে প্রেম করেছেন আনুশকা-আদিত্য। বিয়ের প্রস্তাব দিতে বেছে নিয়েছিলেন প্রেমিকার জন্মদিন। সে ২০২১ সালের ঘটনা। সে বছরই বাঁধেন গাঁটছড়া। গেল মে মাসে সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর জানান আনুশকা। তার মাস তিনেক পরই নতুন অতিথি এলো ঘরে।
আরআর




