সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ফের ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় উপস্থাপক সামিয়া আফরিন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

ফের ক্যানসারের আক্রান্ত অভিনেত্রী সামিয়া আফরিন 

দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করেছিলেন। সম্প্রতি তার শরীরে আবারও ক্যানসার ধরা পড়েছে। নতুন করে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে খবরটি জানান অভিনেত্রী নিজেই।

পোস্টে সামিয়া জানান, আজ থেকে প্রায় তিন মাস আগে তার শরীরে নতুন করে ক্যানসারের জীবাণু ধরা পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত তার অস্ত্রোপচার করতে হয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। যে কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে এখন নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

 

প্রথম দফায় ক্যানসার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি নিতে হয়নি। সে সময় ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সামিয়া লেখেন, “গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম। ডাক্তার বলেছেন, ‘কেমোর কারণে চুল পড়ে যেতে পারে।’ তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে, বরং হাসিমুখে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল।”

তিনি  আরও লিখেছেন, ‘আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের নতুন লুকটাকে সেলিব্রেট করে নিজেকে একটু মোটিভেট করতে চাইলাম। আমার এই জার্নির ছোট একটি ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন—এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যি চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনও এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’

সবশেষে সামিয়া তাঁর অনুরাগীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। তিনি লেখান, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি। খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন’ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর