চলতি বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছিলেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা তুলে ধরার পাশাপাশি তার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করেছেন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্ব প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ভিডিওটির ক্যাপশনে চমক লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। তাকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবেও উল্লেখ করেন তিনি।

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ও স্টুডিওতে ধারণ করা হয়েছে ভিডিওটির দৃশ্য। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তার পোশাক, সাজসজ্জা ও উপস্থিতির ধরন খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় দর্শকদের নজর কাড়ে বিষয়টি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চমকের সাজ ও উপস্থাপনা নিয়ে প্রশংসার ঝড় ওঠে। অনেকেই তার নিখুঁত সাজসজ্জা ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, চমককে দেখে মুহূর্তের জন্য সত্যিই খালেদা জিয়ার কথা মনে হয়েছে।
এক নেটিজেন মন্তব্য করেন, চমক একজন প্রতিভাবান শিল্পী। খালেদা জিয়ার চরিত্র ও উপস্থিতি তিনি বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অন্য একজন লিখেছেন, এই প্রথম কাউকে এত সুন্দরভাবে খালেদা জিয়ার অবয়ব ধারণ করতে দেখা গেল।

এর আগে চলতি বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। পরে তিন বছরের বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মধ্যে পরিচিতি পান তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
এমআর/ইএইচ




