সিনেমার প্রচারণায় রায়হান রাফীর জড়ি নেই। তার আগের ছবিগুলোতে বিষয়টি লক্ষ্যণীয় ছিল। মুক্তি প্রতীক্ষিত ‘আন্ধার’ নিয়েও প্রচারণায় চমক দেখাচ্ছেন রাফী। একের পর এক শিল্পীদের লুক ফাঁস করেছেন। তবে নাজিফা তুষি, রেহান, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরীকে সামনে আনলেও সিয়াম আহমেদের দিকে তাকাচ্ছেন না। এতে যেন অভিমানি সিয়াম!
আজ বুধবার চঞ্চলের লুক লিক করেন রাফী। সেটিসহ ইতিপূর্বে ফাঁস করা সবকটি লুক শেয়ার করে মজার ছলে সিয়াম লেখেন, ‘বাহ, রায়হান রাফী বাহ! সবার ছবি লিক করে দিলা সুন্দর করে। আমিও তো আছি আন্ধারে, নাকি? আমার লিক কই? আমি কি দোষ করলাম?’
পরিচালকও কম যান না। সিয়ামের পোস্টে তার মন্তব্য, ‘তুমি তো আমার জান, তাই তোমাকে লুকাই রাখছি।’ তবে অনেকের মতে সিয়াম আন্ধারের বড় চমক। সে কারণে তার লুক বিশেষ আকর্ষণ হিসেবে রেখেছেন পরিচালক।
অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এ সিনেমায় আরও অভিনয় করছেন, আফসানা মিমি, স্বর্ণালি চৈতি প্রমুখ।
আরআর




