বলিউডের অন্দরমহলের খোঁজখবর যারা রাখেন, তাঁদের অনেকের জানা সালমান খান ও সঞ্জয় দত্তের মধ্যকার সুসম্পর্কের কথা। বলিউড ভাইজান সঞ্জয়কে নিজের বড় ভাই হিসেবে সম্বোধন করেন। অন্যদিকে সঞ্জয় সালমানকে ছোট ভাই হিসেবে মানেন।
সম্প্রতি ৬৭ বছরে পা রেখেছেন সঞ্জয়। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন দাবাং খ্যাত সালমান। সঞ্জয়কে জড়িয়ে ধরে ভালোবাসা প্রকাশের আবেগঘন পোস্টটি নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি পোস্টে অন্তত ৯ বার ‘বাবা’ শব্দটি ব্যবহার করায় ট্রলে মেতেছেন ভক্তরা।
সালমান তাঁর পোস্টে সঞ্জয়কে বড় ভাই উল্লেখ করে লেখেন, ‘বাবাআআ ফরেভার বাবা আর বাবা, বাবা হয়। সাঞ্জু বাবা হয় আমাদের সবার বাবা। সাঞ্জু বাবা এখন তাঁর সন্তানদের বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু সবাই মানুষটাকে সুখে রাখুক। আমি তোমাকে ভালোবাসি বাবা।’
উল্লেখ্য, সঞ্জয় অভিনীত বেশ কিছু চলচ্চিত্রে তাঁর চরিত্রের নাম ‘বাবা’ রাখা হয়েছিল। পরবর্তীতে বাস্তব জীবনেও তা ডাকনাম হয়ে ওঠে।
সিনেমার পর্দায় জুটি হিসেবে বেশ জনপ্রিয় সালমান-সঞ্জয়। ১৯৯১ সালে মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘সাজন’ এবং ২০০০ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ‘চল মেরে ভাই’ সিনেমা দুটি আজও দর্শকদের মনে গেঁথে আছে।
ইএইচ/




