আজ ২৮ জুলাই কিংবদন্তি সংগীতজ্ঞ কমল দাশগুপ্তর জন্মদিন। জীবদ্দশায় তাকে দেখে বিখ্যাত সব সংগীতজ্ঞরা শ্রদ্ধায় নুয়ে পড়তেন। এরকম দৃশ্য অনেকবার দেখেছেন কমলপুত্র ও ব্যান্ড তারকা হামিন আহমেদ।
পিতৃ পরিচয় তাদের প্রতিও সংগীতাঙ্গনের মানুষজনের দৃষ্টিভঙ্গী পাল্টে দিত। হামিন আহমেদ জানালেন প্রথমে সাধারণ সৌজন্যতা দেখালেও কমল দাশগুপ্তর ছেলে জানার পর শাফিন আহমেদকে জড়িয়ে ধরেছিলেন আশা ভোঁসলে।

বাবাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ঢাকা মেইলকে এসব কথা বলেন হামিন। তার কথায়, ‘কমল দাশগুপ্ত গোটা উপমহাদেশে একজন-ই ছিলেন। ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞরা তাকে যে কীভাবে সম্মান করত! তখন ছোট ছিলাম। বুঝতাম না। ভাবতাম ওনাকে দেখে এরকম করছে কেন! এখন বুঝি লন্ডনে প্রাথমিক পরিচয়ে আশা ভোঁসলে শাফিনকে সাধারণ সৌজন্যতা দেখালেও পরে কমল দাশগুপ্তের ছেলে শুনে কেন লাফ দিয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরছিলেন।’
একই দিনে জন্মেছেন কমলপত্নী কিংবদন্তি সংগীতজ্ঞ ফিরোজা বেগমও। হামিন জানালেন বাবা তাদের সাফল্য দেখে যাননি। তবে মা দেখেছেন। ছেলেদের ‘প্রথম প্রেমের মতো’ গানটি প্রিয় ছিল ফিরোজা বেগমের।
আরআর




