কিংবদন্তি শিল্পী দম্পতি কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান হামিন আহমেদ ও শাফিন আহমেদ। গান দিয়ে শ্রোতাদের মন জয়ের পাশাপাশি দেশের ব্যান্ড সংগীতের ভিত তৈরিতে অবদান রেখেছেন তারা।
পুত্রদের এই সাফল্য কমল দাশগুপ্ত দেখে যেতে পারেননি। তবে ফিরোজা বেগম দেখেছেন। সন্তানদের কীর্তি তার সুখকর অভিজ্ঞতাও হয়েছে। মাইলস ব্যান্ডের শ্রোতাদের অনেকে কিংবদন্তি এ গায়িকাকে মাইলসের মা সম্বোধন করতেন। ঢাকা মেইলকে জানিয়েছেন হামিন আহমেদ।

একটি ঘটনা তুলে ধরে হামিন বলেন, ‘মা গাড়িতে বসে বাজার করতেন। একদিন বাজার করে এসে খাবার টেবিলে বসলেন। আমি আর শাফিন দুজনেই ছিলাম। দেখলাম খুব খুশি খুশি চেহারা। বললেন, জানিস আজ কী হয়েছে! তারপর শোনালেন, তিনি যখন বাজার করছিলেন তখন অনেকে বলছিলেন ওই যে মাইলসের মা।’
হামিন জানান, ছেলেদের প্রশংসার পাশাপাশি সমালোচনাও করতেন ফিরোজা বেগম। আরও একটি ঘটনার মাধ্যমে সে উদাহরণ দিলেন। বললেন, ‘আমি আর শাফিন তখন প্রচুর শো করতাম। একবার এক টেলিভিশনে লাইভ ছিল। এরকম অনুষ্ঠানে প্রস্তুতির ব্যাপার থাকে। কিন্তু আগের দিন লম্বা শো ছিল। বিশ্রাম নেওয়ার সময় পাইনি। জার্নি করে এসেই জয়েন করি। পরদিন মা বললেন, কালকে তোমাদের একটা প্রোগ্রাম দেখলাম। গানগুলো সুন্দর হয়েছে। কিন্তু গলার ওপর এভাবে চাপ দিও না। কণ্ঠ একটি প্রাকৃতিক মাসল। সেটাকে যাচ্ছে ভাবে ব্যবহার করতে পারো না। সমালোচনা ও প্রশংসা অকপটে করতেন।’

আজ ২৮ জুলাই কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির জন্মদিন। বিশেষ এ দিন উপলক্ষে ঘটনাগুলো তুলে ধরা হলো।
আরআর




