দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’ মুক্তির পর থেকে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির তৃতীয় দিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের দোরগোড়ায় পৌঁছেছে ছবিটি।
বক্স অফিস ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে প্রায় ৮০ কোটি রুপি ঘরে তোলে বিজয়ের সিনেমা। মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার আয়ের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়লেও শনিবার আবারও বক্স অফিসে ঝড় তুলেছে। ভারতেই সিনেমাটি প্রায় ২৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। ফলে মাত্র তিন দিনে ভারতে ছবিটির মোট সংগ্রহ ৯২ কোটি ৩৫ লাখ রুপি। শিগগিরই ভারতের বক্স অফিসে ১০০ কোটি নেট আয়ের মাইলফলক স্পর্শ করতে চলেছে সিনেমাটি।

শনিবার দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬১ শতাংশের বেশি। এর মধ্যে সকালের শোয়ে ৪৩ শতাংশ, দুপুরের শোয়ে ৫৯ শতাংশ এবং সন্ধ্যার শোয়ে তা বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে। তবে রাতের শোয়ে দর্শকদের ভিড় ছিল সবচেয়ে বেশি। তামিলনাড়ুসহ দেশের বিভিন্ন প্রধান বাজারে আয় বাড়তে থাকায় সপ্তাহের শেষে বড় আয়ের আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারে রমরমা ব্যবসা করছে থালাপাতি বিজয়ের শেষ ছবি। বিশ্বব্যাপী বক্স অফিসে মাত্র তিন দিনে ছবিটি ১৭০ কোটি টাকার গণ্ডি পার করেছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, প্রথম তিন দিনে বিশ্বজুড়ে ‘জন নায়গন’-এর মোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৭০ কোটি ৮৪ লাখ রুপিতে। এর মধ্যে কেবল বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ৬৩ কোটি ৫০ লাখ রুপি। ভারতে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১০৮ কোটি ৩৪ লাখ রুপিতে।
বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন ও রেবা মনিকা জন।
ইএইচ/




