মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের প্রেম, হার মানাবে সিনেমার গল্পকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের প্রেম, হার মানাবে সিনেমার গল্পকে

জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়েই চমক দেখালেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয়। তাঁর দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে এগিয়ে রয়েছে। জয়ের আনন্দে ভাসছেন অভিনেতা ও তাঁর পরিবার। এর মাঝেই অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক জীবনের ইতি টানতে যাচ্ছেন বিজয় ও তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইতোমধ্যে সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। 

বিজয় ও সংগীতার প্রথম সাক্ষাতের গল্পটি বেশ রোমাঞ্চকর। ১৯৯৬ সালে বিজয় অভিনীত ‘পুভে উনাকাগা’ সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। বিজয়ের অভিনয়ে মুগ্ধ হয়ে লন্ডন থেকে তাঁর সঙ্গে দেখা করতে ভারতে ছুটে আসেন সংগীতা। সেই প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সম্পর্কের গভীরতা; সবশেষে পরিণয়। ১৯৯৯ সালের ২৫ আগস্ট হিন্দু রীতি অনুযায়ী ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংগীতা নিজেকে সংসারের কাজে ব্যস্ত রাখতেন, ছিলেন প্রচারের আড়ালে।

vijoy_thala

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগীতা চেঙ্গলপাট্টু ফ্যামিলি কোর্টে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। মামলার কারণ হিসেবে প্রতিবেদনে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জনৈক এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্ক পরিবারের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে, যা সন্তানদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বাদীর মামলার প্রেক্ষিতে উভয় পক্ষকে আগামী ১৫ জুন আদালত তলব করেছেন। তবে বিচ্ছেদের বিষয় নিয়ে বিজয় বা সংগীতা—কেউই মুখ খোলেননি।

বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে থালাপথি বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন করে চর্চায় এসেছে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একই রঙের পোশাকে দেখা যায়, যা জল্পনার আগুনকে আরও তীব্র করেছে। এদিকে সোমবার (৪ মে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার সময় বিজয়ের বাড়িতে গিয়ে ওঠেন তৃষা কৃষ্ণান। তবে সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি বিজয় ও তৃষা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর