গত বছর জুন মাসের ১২ তারিখে পোলো খেলতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। প্রাক্তন স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার (১২ জুন) ইনস্টাগ্রাম স্টোরিতে প্রাক্তনের মৃত্যুর তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘সঞ্জয় চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’ পোস্টের সঙ্গে হাত জোড়া ও একটি সাদা হার্ট এবং একটি কবুতারের ইমোজি জুড়ে দিয়েছেন।

এদিকে, প্রয়াত স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সচদেবও। তিনি লেখেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর একটি বছর কেটে গেছে। তবুও তোমার উপস্থিতি প্রতিটি দিন আমাদের পথ দেখাচ্ছে। তুমি কখনও এক জায়গায় থমকে থাকায় বিশ্বাস করতে না। তুমি জীবনকে বিপুল শক্তি, কৌতূহল এবং বিশ্বাসের সাথে গ্রহণ করেছিলে। তোমার কর্মকাণ্ড আমাদের চারপাশের মানুষকে বড় স্বপ্ন দেখতে, কঠোর পরিশ্রম করতে এবং নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করত।’
প্রিয়া যোগ করেন, ‘মানুষের প্রতি তোমার টান আর ভালোবাসা আমাদের হৃদয়ে আজীবন থাকবে। তোমার ভালোবাসাই আজ আমাদের পথ চলার শক্তি, আর তোমার স্মৃতি আমাদের আশীর্বাদ।’

গত বছর ইংল্যান্ডে পোলো খেলার সময় হঠাৎ একটি মৌমাছি গিলে ফেলার পর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। দিল্লিতে অনুষ্ঠিত সঞ্জয়ের শেষকৃত্যে নিজের দুই সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে হাজির হয়েছিলেন কারিশমা কাপুর। সে সময় তাঁর সাথে বোন কারিনা কাপুর খান এবং ভগ্নিপতি সাইফ আলী খানও উপস্থিত ছিলেন।
২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর শিখ রীতিতে ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। তবে দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
ইএইচ/




