‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালটিতে আলাদাভাবে ধরা দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তার অভিনয়ে কেঁদেছেন দর্শকরা। তবে ইরফানের বাবা-মা ‘এটা আমাদেরই গল্প’-এর মতো নাটকে অভিনয় করতে বারণ করেছেন তাকে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আয়োজিত ‘এটা আমাদেরই গল্প’-এর সাকসেস পার্টিতে এ কথা জানান ইরফান। তিনি বলেন, ‘দর্শক কাঁদবেন কি কাঁদবেন না সেটা ভেবে আমরা অভিনয় করিনি। কিন্তু বাবার যে ক্রাইসিস ছিল সেটা খুব ইমোশনাল। চেষ্টা করেছি গল্পের ভেতরে থেকে জিনিসটা ফিল করে কাজ করার। কখন নাকে চোখে পানি এলো বুঝিনি। সিরিয়ালটি দেখে প্রত্যেক পরিবার কেঁদেছে।’

এ সময় তিনি বলেন, ‘আমার আব্বা-আম্মা কেঁদেছেন। আমি খুবই আনন্দিত যে আমার বাবা-মা অনেকদিন পর একটি নাটক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমাকে বলেছেন, তুমি এ ধরণের নাটক আর করো না।’ এতে স্পষ্ট নাটকটি গভীরভাবে ছুঁয়ে গেছে অভিনেত্যার বাবা-মাকে।
নাটকটিতে ফাহাদ চরিত্রে দেখা গেছে ইরফানকে। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, ‘কাজ করতে করতে কীভাবে যেন সবাই শক্তিশালী বন্ধনে জড়িয়ে গিয়েছিলাম। মনে হয়নি অন্য পরিবারের কেউ। এমন একটি প্রোডাকশনের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মনে হচ্ছে অনেক বড় একটি সিনেমা করে ফেলেছি যেটি বিশ্বব্যাপী এত হিট হয়েছে যে রাস্তায় বের হতে পারি না। মানুষ আগে থেকেই চিনত। তবে এখন ক্যারেক্টারের নামে চেনে। এই সিরিয়াল থেকে এটাই অনেক বড় পাওয়া। রাজ ভাইয়ের (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ) প্রতি কৃতজ্ঞ যে ফাহাদ চরিত্রটি উনি আমাকে দিয়েছেন।’

সিরিয়ালটিতে ইরফানের বিপরীতে ছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়ে আরও ছিলেন কেয়া পায়েল, খায়রুল বাসার, নাদের চৌধুরী, মুনিরা মিঠু, দীপা খন্দকার, এমএনইউ রাজু প্রমুখ।




