ঢালিউডের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদের ৫২তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রিয় সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার (৭ জুন) ফেরদৌসের সঙ্গে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান তিনি।
ফেরদৌসের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে নিপুণ লেখেন, ‘আমাদের দেশীয় চলচ্চিত্রের সুদর্শন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা - রাজনীতিক ফেরদৌস আহমেদের জন্মদিন আজ। তাঁর সঙ্গে আমি জুটিবদ্ধ হয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার সৌভাগ্য হয়েছে।’
বিজ্ঞাপন
সহকর্মী ও বন্ধু ফেরদৌসের মানবিক ও রাজনৈতিক গুণাবলির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কর্মজীবনে ভাই বন্ধু ফেরদৌস আহমেদ অভিনয়-মডেলিংয়ের বাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন শুদ্ধ রাজনীতিক। তিনি ঢাকার ধানমন্ডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।’

প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে নিপুণ বলেন, ‘সদা হাসি-খুশি আর উচ্ছ্বল-প্রাণবন্ত মানুষ ফেরদৌস আহমেদের জন্মদিনে জানাই আমার হৃদয় উজাড় করা ভালোবাসা-শুভ কামনা। পরিবার নিয়ে আজীবন ভালো থাকুন, সুস্থ থাকুন সুপ্রিয় ফেরদৌস ভাই।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন অভিনেতা ফেরদৌস। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।




