মুক্তির পর থেকে আলোচনা-সমালোচনায় থাকা ‘রকস্টার’ সিনেমার পুরো টিমকে প্রশংসায় ভাসালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (৪ জুন) ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির পেছনের কারিগর, সহশিল্পী ও কলাকুশলীদের কাজের প্রশংসা করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘পরিচালক আজমান রুশো যেমন ব্রিলিয়ান্ট, তার কাজও ছিল ব্রিলিয়ান্ট। এ সিনেমার কলাকুশলী এবং শিল্পী যারা ছিলেন সবাই অসাধারণ। সিনেমার ডিরেক্টর অফ ফটোগ্রাফি (ডিওপি) ছিলেন মামুন। তিনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। সিনেমার আর্ট ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার, ছবির সংগীতের সঙ্গে যারাই ছিলেন প্রত্যেকটা সেকশন চমৎকার কাজ করেছেন। সানি, জাহিদ নীরবসহ প্রত্যেকেই এত ভালো কাজ করেছেন আমার একটা লিস্ট লাগবে সবার কথা যদি বলতে চাই।’
বিজ্ঞাপন
ক্যামেরার পেছনের মানুষের পাশাপাশি সিনেমার অভিনয়শিল্পীদের নিখুঁত অভিনয়ের কথাও উল্লেখ করে শাকিব বলেন, ‘এই সিনেমার প্রত্যেক শিল্পী দারুণ অভিনয় করেছেন। তারিক ভাই (তারিক আনাম খান) চমৎকার করেছেন। আমার রোজী আপা (রোজী সিদ্দিকী), আমার দাদি দিলারা ম্যাডাম (দিলারা জামান), তারপর আসলাম (কাজী সাবির) প্রত্যেকটা মানুষ অসম্ভব ভালো অভিনয় করেছেন। সবাই ভালো করেছে বিধায় সিনেমা ভালো হয়েছে।’
সব শেষে ভক্তদের সুখবর দিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ এ বছরই আবার দেখা হচ্ছে একটি চমৎকার সিনেমা নিয়ে। কোনো উৎসব ছাড়া।’
এই সিনেমায় শাকিব খান কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালনায় আছেন জাহিদ নীরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।
ইএইচ/




