কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘রকস্টার’। মুক্তির পর থেকে দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ায় আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে সিনেমাটি। বৃহস্পতিবার (৪ জুন) ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণার ঘটনায় আক্ষেপ প্রকাশ করেন শাকিব।
তিনি বলেন, ‘একটা সিনেমায় পজেটিভ নেগেটিভ রিভিউ হয়। প্রথম দিন কেন শুধুমাত্র নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করল এ ব্যাপারটা বুঝলাম না। আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি, আমার প্রতি? এই চক্রান্তটা সানমোশন পিকচারের প্রতি, না রুশর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?’

তিনি আরও বলেন, ‘কিছু মহল চাইছে বাংলা সিনেমার যেন উন্নতি না হয়। যতটুকু এসেছে তার থেকে যেন আবার পিছিয়ে সেখানেই চলে যায়। যেন নতুন ধারার কোনো গল্প সৃষ্টি না হয়। আবার যেন একই ধারার গল্প বলতে বলতে একসময় দর্শকরা বলে বাংলা সিনেমা তো শুধু একই গল্প। আর তো কিছু দেখি না।’
সিনেমার বৈচিত্র্য নিয়ে কথা বলতে গিয়ে ঢালিউড কিং বলেন, ‘সিনেমায় শুধু মর্টার গান, মেশিনগান আর ভরপুর মারামারি হবে তা তো না। সব ধরনের সিনেমা হবে. প্রেমের গল্পের সিনেমা হবে না, সেটা তো না। শুধু মধ্যবিত্তের গল্প হবে, অভিজাত শ্রেণির গল্প হবে না তাও তো না। একটা সিনেমা, একটা গান সবার জন্য।’
বিজ্ঞাপন
নেতিবাচক প্রচারণার পরও যারা হলে গিয়ে সিনেমা দেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি শাকিব। তিনি বলেন, ‘আমি দেখছি যারা সিনেমা প্রেমী এবং যারা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে চায় যে সিনেমা অনেক ভালো করুক, বিশ্বমানের সিনেমা তৈরি হোক, ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা তৈরি হোক তারা পজিটিভ রিভিউ দিচ্ছে। সবাই আবার নতুন করে হলে আসছে। বিষয়টাকে আমি সাধুবাদ জানাচ্ছি।’

এই সিনেমায় শাকিব খান কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো নন, বরং একজন প্রফেশনাল মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং লুকে এনেছেন আমূল পরিবর্তন। সিনেমার সবকটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
এ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই, সুনিধি নায়েক প্রমুখ।
ইএইচ/




