বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

আমার বাবার মতো মানুষ আর কখনও আসবে না: ববি দেওল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

আমার বাবার মতো মানুষ আর কখনও আসবে না: ববি দেওল

গত বছরের নভেম্বরে বাবা ধর্মেন্দ্র দেওলকে হারিয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। কাগজে-কলমের হিসাবে ছয় মাস পেরিয়েছে। বাবাকে হারানোর ক্ষত এখনও তরতাজা। সম্প্রতি ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে প্রয়াত বাবা, কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

অনুষ্ঠানে ববি জানান, বাবা তাকে ‘কদু’ নামে ডাকতেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় আমার গালগুলো খুব গোলগোল আর তুলতুলে ছিল। একবার আমরা একটা খামারে গিয়েছিলাম যেখানে সবজি চাষ হচ্ছিল। সেখানে একটা বড় গোল সবজি দেখে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, ওটা কী? বাবা বললেন, কদু। সেদিন থেকেই তিনি আমাকে কদু বলে ডাকতে শুরু করেন। বাবা এটা খুব ভালোবেসে ডাকতেন। তাই নামটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না।’


বিজ্ঞাপন


ছোটবেলায় প্রায় ১৪ বছর বয়স পর্যন্ত তিনি বাবা-মায়ের সঙ্গে ঘুমাতেন। বাবার কর্মব্যস্ততা নিয়ে ববি বলেন, ‘বাবা যখন শুটিংয়ে যেতেন আমি তার বাড়ি ফেরার জন্য অপেক্ষায় থাকতাম। তিনি প্রায় দিনে তিন থেকে চারটি শিফটে কাজ করতেন। বাড়ি ফিরতে অনেক রাত হতো। ছোটবেলায় যখনই অসুস্থ হতাম বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তেন। ওই মুহূর্তগুলোতে যে কী পরিমাণ শান্তি পেতাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সত্যিই খুব ভাগ্যবান।’

image

শৈশব থেকে বাবার অভিনয় দেখে সিনেমার প্রতি আসক্তি বাড়ে ববির। স্কুল জীবনের একটি মজার ঘটনা মনে করে তিনি বলেন, ‘একবার ক্লাসে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন বড় হয়ে কে কী হতে চায়? আমি বলেছিলাম—আমি হিরো হতে চাই। সেই বয়সে হিরো হওয়া মানে আসলে কী, সেটাই জানতাম না।’


বিজ্ঞাপন


ববি যোগ করেন, ‘সেটে গিয়ে দেখতাম মানুষ আমার বাবার দিকে কীভাবে তাকিয়ে থাকে। সাধারণ মানুষ আর ভক্তদের চোখে তার জন্য যে ভালোবাসা দেখতাম তা অন্য কোনো অভিনেতার ক্ষেত্রে দেখিনি। দর্শক যেন আমাকেও ঠিক ভালোবাসে সেই কারণে মূলত আমার হিরো হতে চাওয়া।’

১৯৭৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ধরম বীর’-এ ধর্মেন্দ্রর ছোটবেলার চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান ববি। সেই সোনালী মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি স্কুল থেকে ফেরার পর বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে? আমি এক মুহূর্তও না ভেবে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম।’

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর