রাতভর নানা নাটকীয়তার পর অবশেষে কংগ্রেসের সঙ্গেই জোট বাঁধছে অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে। বুধবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তামিলনাড়ুতে নির্বাচিত অধিকাংশ কংগ্রেস বিধায়ক টিভিকে-এর নেতৃত্বে সরকার গঠনে একমত হয়েছেন। এই বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সূত্রের দাবি, মঙ্গলবার (৫ মে) গভীর রাতে তামিলনাড়ু কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র আরও দাবি করেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পাঁচটি আসন জেতা কংগ্রেস দুটি ক্যাবিনেট পদ এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ চাইতে পারে। কংগ্রেসের শর্তসাপেক্ষে এই সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

ইন্ডিয়া টুডে-এর সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৭ মে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। পাশাপাশি তাঁর সঙ্গে আরও নয়জন ক্যাবিনেট মন্ত্রীর শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজয় নেতৃত্বাধীন টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল আরও ১০টি আসন। বিজয় নিজে চেন্নাইয়ের পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি পূর্ব—এই দুই আসন থেকেই জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। দলীয় সূত্র বলছে তিনি পেরাম্বুর আসনটিই নিজের কাছে রাখতে পারেন।
বিজ্ঞাপন
বিজয় যদি একটি আসন ছেড়ে দেন, তবে বিধানসভায় টিভিকে-এর শক্তি কমে দাঁড়াবে ১০৭ জনে। পরবর্তীতে স্পিকার নির্বাচিত হওয়ার পর কার্যকর ভোটিং শক্তি ১০৬-এ নেমে আসতে পারে। কারণ আস্থা ভোটের সময় স্পিকার সাধারণত ভোট দেন না। এমন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের কোটা পার করতে টিভিকে-এর জন্য আরও অন্তত ১২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হবে।
ইএইচ/




