উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা অবস্থান করছেন ভারতের দিল্লিতে। মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। যা চোখে পড়া মাত্রই লাগাম টেনেছেন এ কণ্ঠশিল্পী।
সামাজিক মাধ্যমে দিয়েছেন এক পোস্ট। সেখানে মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন কিংবদন্তি এ গায়িকা। নিজের ফেসবুকে রুনা লায়লা লিখেছেন, ‘আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।’
বিজ্ঞাপন
পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।
তার কথায়, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তারকাদের নিয়ে এ ধরনের ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে বারবার বিভ্রান্তি তৈরি হয়।
এদিকে রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়াতেই দেশ-বিদেশে নড়েচড়ে বসেছেন তার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা। মুহুর্মুহু ফোন করছেন তাকে। গায়িকা জানান, এতে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ।




