সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

কংগ্রেস নাকি বিজেপি—ক্ষমতায় যেতে কার সঙ্গে হাত মেলাচ্ছেন বিজয়?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

কংগ্রেস নাকি বিজেপি—ক্ষমতায় যেতে কার সঙ্গে হাত মেলাচ্ছেন বিজয়?

তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ছে। দীর্ঘ কয়েক দশকের পুরনো প্রথা ভেঙে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে)। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই রাজ্য সরকার গঠনের পথে এগিয়ে রয়েছেন এই অভিনেতা।

vijoy_sdsdfs


বিজ্ঞাপন


তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১১১টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্ষমতাসীন ডিএমকে মাত্র ৫৭টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে নেমে গেছে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে ৬৬টি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ম্যাজিক ফিগার ছুঁতে বিজয়ের দরকার আর মাত্র ৭টি আসন। তবে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য সরকার গঠন করতে পারছেন না বিজয়। ফলে যেকোনো একটি দলের সঙ্গে তাঁকে জোট বাঁধতে হবে।

টিভিকে নেতা নানজিল সাম্পাথ নিজের দলের জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, দ্রাবিড় দলগুলোকে সরিয়ে সাধারণ মানুষের এত ভালোবাসা ও জনসমর্থন আগে কখনও দেখা যায়নি।

দলের প্রধান সমন্বয়কারী কে.এ. সেনগোত্তাইয়ান এবং মুখপাত্র রাধান পণ্ডিত জানিয়েছেন, বিজয় বিশাল ব্যবধানে জয়ী হয়ে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। দলের অভ্যন্তরে বিজয়কে মারুদুর গোপালান রামচন্দ্রনের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, যিনি রুপালি পর্দা থেকে এসে সরাসরি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।


বিজ্ঞাপন


bijay

তবে বর্ষীয়ান নেতা মারুদুর গোপালান রামচন্দ্রনের সঙ্গে বিজয়ের তুলনা নিয়ে ভিন্ন মতও রয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এমজিআর বা জয়ললিতা কয়েক দশক জনগণের সেবা করার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু বিজয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তবে বিজয়ের চমক বিরোধীদের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে।

বিজয়ের জয়ের মাঝে এখন রাজ্যজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয়—এককভাবে সরকার গঠন করতে না পারলে কোন দলের সঙ্গে জোট বাঁধবে টিভিকে? এ বিষয়ে তামিলনাড়ু বিজেপির সহ-সভাপতি ও অভিনেত্রী খুশবু সুন্দর বিজয়ের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বিজয়কে নিজের ভাই হিসেবে সম্বোধন করে তিনি বলেন, বর্তমান সময়ে তামিলনাড়ুর সবচেয়ে বড় তারকা বিজয় এবং তাঁর প্রতি মানুষের বিশাল সমর্থন রয়েছে।

vijoy_josep_

খুশবু সুন্দর আরও জানান, বিজয়ের সঙ্গে জোট হবে কি না, সেই সিদ্ধান্ত বিজয় নিজেই নেবেন। তবে বড় বোন হিসেবে তিনি সবসময় বিজয়ের ভালো চান। যদিও তিনি তাঁর নিজের দলের প্রতি অনুগত থাকবেন বলে স্পষ্ট করেছেন। খুশবুর মতে, এম.জি. রামাচন্দ্রনের সময়ে শুধুমাত্র দলীয় প্রতীক দেখিয়ে ভোট পাওয়ার যে যুগ ছিল, তা এখন আর নেই। ফলে বিজয়কে সরকার গঠন করতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

অভিনেতা বিজয় ও তাঁর দলের পক্ষ থেকে জোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারিভাবে ফল ঘোষণার পর পরিষ্কার হয়ে যাবে ক্ষমতার মসনদে বসতে বিজয় কোন দলের সঙ্গে হাত মেলাচ্ছেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর