আর মাত্র কয়েক ঘণ্টা পর জানা যাবে কে হচ্ছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। কার হাতে উঠছে রাজ্যের পাঁচ বছরের দায়িত্ব। ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও তামিলনাড়ুর ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে জল্পনা তৈরি হয়েছে যে, অভিনেতা থালাপতি বিজয়ের টিভিকে-এর সঙ্গে জোট বাঁধছে বিজেপি।
তবে তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর সঙ্গে জোট বাঁধার জল্পনাকে উড়িয়ে দিলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি নাইনার নগেন্দ্রন। কন্যাকুমারীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগেন্দ্রন স্পষ্ট জানান, বিজয়ের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই ওঠে না।

সাম্প্রতিক জনমত জরিপ এবং বুথফেরত জরিপ নিয়ে প্রশ্ন তুলেছেন নগেন্দ্রন। তিনি অভিযোগ করেন, জরিপগুলো অনেক ক্ষেত্রে শাসক জোটের (ডিএমকে) পক্ষপাতদুষ্ট।
নগেন্দ্রনের ভাষায়, ‘যদি এই জনমত জরিপগুলো সঠিক হতো, তবে আমি বিশ্বাস করতাম। অনেক জায়গায় এখন কেবল মতামতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা মূলত ডিএমকে জোটের হয়ে করা হচ্ছে। এ নিয়ে কথা বলে লাভ নেই। আগামী ৪ মে জনগণের আসল রায় জানা যাবে। গত ৫ বছর কেমন সরকার চলেছে এবং মানুষ কী ভাবছে সেদিন পরিষ্কার হয়ে যাবে।’
বিজ্ঞাপন
বিজেপি নেতা আরও বলেন, গত ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের পর যেসব বুথফেরত জরিপ সামনে এসেছে, তা মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ২৩ এপ্রিল এবং ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। গত ২৯ এপ্রিল প্রকাশিত অধিকাংশ বুথফেরত জরিপে ডিএমকে-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত দেওয়া হলেও, কিছু সমীক্ষায় এআইএডিএমকে ও বিজেপি জোটকে এগিয়ে রাখা হয়েছে।
নগেন্দ্রন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, গতবারের তুলনায় এবার বিজেপি অনেক বেশি আসন পাবে। বর্তমান সরকারের প্রতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের তীব্র ক্ষোভ জমে রয়েছে।

এই বিজেপি নেতার ভাষ্য, ভোটের আগের পরিস্থিতি নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ভোটের পরে পরিস্থিতি বদলানোর কোনো সুযোগ নেই। আমি যতটুকু খবর পাচ্ছি, সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ী, নারী এবং মধ্যবিত্ত—সবাই বর্তমান সরকারের ওপর ক্ষুব্ধ। আমি মনে করি, বিজয় একটি আসনেও জয়ের মুখ দেখবেন না।
যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে বিজেপি কি বিজয়ের সমর্থন চাইবে? এমন প্রশ্নের জবাবে নগেন্দ্রন সরাসরি বলেন, ‘বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই তাঁদের সাথে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।’
ইএইচ/




