বিশ্বখ্যাত গায়ক ও অভিনেতা জশ গ্রোবানের মুকুটে যুক্ত হলো একটি বিশ্বজয়ী স্বীকৃতি। দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানস্বরূপ হলিউডের ঐতিহাসিক ‘ওয়াক অব ফেম’-এ তাঁর নামে একটি স্থায়ী স্মৃতি তারকা উন্মোচন করা হয়েছে। আগামী ৬ মে লস অ্যাঞ্জেলেসের ৬১২১ হলিউড বুলেভার্ডে অ্যামিবা রেকর্ডসের সামনে দুই হাজার ৮৪৩তম তারকা হিসেবে তাঁর নাম খোদাই করা হবে।
বিজ্ঞাপন
হলিউড চেম্বার অব কমার্সের পক্ষ থেকে অভিনেতাকে স্বাগত জানিয়ে ওয়াক অব ফেম প্রযোজক আনা মার্টিনেজ বলেন, ‘জশ তাঁর সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছেন। দীর্ঘ সময় ধরে তাঁর অসাধারণ সৃজনশীল সৃষ্টি আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। রেকর্ডিং ক্যাটাগরিতে তাঁকে সম্মাননা প্রদান করা হবে।’

বিশেষ সম্মাননা প্রাপ্তির দুই দিন পর অর্থাৎ ৮ মে মুক্তি পাচ্ছে জশের নতুন অ্যালবাম ‘সিনেম্যাটিক’। ওয়ার্নার রেকর্ডসের ব্যানারে প্রকাশিত অ্যালবামে জায়গা করে নিয়েছে ‘দ্য গডফাদার’, ‘কাসাব্লাঙ্কা’ এবং ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’-এর মতো বিখ্যাত সব সিনেমার গান। একই দিনে তিনি গ্র্যামি হল অব ফেম গালাতে পারফর্ম করবেন, যেখানে তাঁর রেকর্ড কোম্পানিকে ‘ভিশনারি অব মিউজিক’ পুরস্কারে সম্মানিত করা হবে।
জশ গ্রোবান এখন পর্যন্ত বিলবোর্ড ২০০ চার্টে তিনটি এক নম্বর অ্যালবাম উপহার দিয়েছেন। পাঁচবার গ্র্যামি মনোনয়ন ছাড়াও সেরা নাট্যমঞ্চ তারকা সম্মান ‘টনি অ্যাওয়ার্ড’-এর জন্যও দুবার মনোনীত হয়েছেন।

সংগীত এবং অভিনয়ের পাশাপাশি নিজেকে মানবিক কাজে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘ফাইন্ড ইয়োর লাইট ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত শিশুদের শিল্পকলা ও সাংস্কৃতিক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।
ইএইচ/




