দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা ধানুশ। তবে আজকের আকাশচুম্বী সাফল্যের পথটা মোটেও মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে শারীরিক গঠন এবং ছিপছিপে চেহারার জন্য তাঁকে উপহাস ও কটাক্ষের শিকার হতে হয়েছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতি ভাগ করে নিয়েছেন এই অভিনেতা। ধানুশ জানান, সেই সময় চেহারার কারণে তাঁর অভিনয় প্রতিভা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি পরিচালকরা কাজ নিতে চাইতেন না।
বিজ্ঞাপন
ধানুশের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ব্লকবাস্টার সিনেমা ‘পোল্লাধবন’। এই সিনেমায় প্রথমবার অ্যাকশন হিরোর চরিত্র অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ‘পোল্লাধবন’-এর প্রসঙ্গে টেনে অভিনেতা বলেন, ‘ছবিটি মুক্তির আগ পর্যন্ত লোকে হাড়গিলে রোগা ছেলে হিসেবে চিনত। এবং আড়ালে হাসাহাসি করত। এই সিনেমায় সিক্স-প্যাক বডি নিয়ে প্রথমবার পর্দায় হাজির হলে দর্শকরা প্রথমবার আমার পেশিবহুল শরীর দেখে তালি দিয়েছিল। সেই মুহূর্তটি ছিল দীর্ঘদিনের অপমানের যোগ্য জবাব।’

অনুষ্ঠানে আসা তরুণ ভক্তদের উদ্দেশে ধানুশ বলেন, ‘‘জীবনে চলার পথে বাধা আসবেই, কিন্তু কোনো অবস্থাতে নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না। ভগবদ গীতার একটি শ্লোকের উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ মনে মনে যা চিন্তা করে সে আসলে ভবিষ্যতে তা-ই হয়ে ওঠে।’’
বিজ্ঞাপন
ধানুশ মনে করিয়ে দেন, ২০০২-৩ সালের দিকে তিনি বলেছিলেন, ‘আমি একদিন জাতীয় পুরস্কার জিতব। তখন অনেকে আমাকে নিয়ে বিদ্রূপ করেছিলেন। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম জয় একদিন ধরা দেবেই। আজ আমার ঝুলিতে একাধিক জাতীয় পুরস্কার।’

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধানুশের নতুন সিনেমা ‘কারা’ -এর ট্রেলার। প্রথম ঝলক মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ট্রেলারে ধানুশকে একজন দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে দেখা গেছে। টাকার লোভে অপরাধের অন্ধকার জগতে হারিয়ে যাওয়া এক যুবক দীর্ঘ সময় পর ঘরে ফিরে আসে। তাঁর পরিবার মনে করে ছেলে হয়তো ভুল শুধরে ভালো মানুষ হয়ে ফিরেছে। কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে থাকে অন্য এক ভয়ানক সত্য। আগামী ৩০শে এপ্রিল বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে।
ইএইচ/




