গেল কয়েক বছর বানিজ্যিক ধারার ছবি নির্মাণ করলেও রোজার ঈদে ভিন্ন পথে হেঁটেছেন রায়হান রাফী। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে বানিয়েছেন ভিন্ন ধারার ছবি ‘প্রেশার কুকার’। যেখানে উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই।
ঈদের বড় বাজেট ও বানিজ্যিক সিনেমাগুলোর ভিড়েও নিজের আলোয় উজ্জ্বল ছিল ‘প্রেশার কুকার’। এরইমধ্যে ছুঁয়েছে ৩ কোটির ঘর। এক্সপেরিমেন্টাল এ ছবিব এমন সাফল্যের কথা সামাজিক মাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাফী। সেইসঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা।

নিজের ফেসবুকে রাফী লিখেছেন, ‘‘ধন্যবাদ আপনাদের ‘প্রেশার কুকার’-এর মতো একটি এক্সপেরিমেন্টাল, ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।’’
এরপর লেখেন, ‘সব থেকে কম শো নিয়ে শুধুমাত্র সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ- এই অর্জন আমাদের জন্য অনেক বড়।’
বিজ্ঞাপন
সবশেষে নির্মাতা লিখেছেন, ‘এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা আর ভালোবাসা রইলো।

ক্যাপশনের সঙ্গে রাফী জানিয়েছেন, দেশের সিনেমা হল থেকে ‘প্রেশার কুকার’-এর গ্রস কালেকশন দুই কোটির অধিক। বিদেশের মাটি থেকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি। ছবির টোটাল কালেকশন দাঁড়িয়েছে ৩ কোটি টাকা।
‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তি পাবে। অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। আরও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।




