ছেড়েছে প্রচারণার গাড়ি। তাতে চেপে বসেছে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলো। দর্শকের দৃষ্টি কাড়তে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন কনটেন্ট। তবে প্রচারণায় এগিয়ে রায়হান রাফীর প্রেশার কুকার। অন্য ছবিগুলো দুই-একটি কনটেন্ট ছেড়ে দম নিলেও ‘প্রেশার কুকার’-এর প্রচারণা চলছে বিরতিহীন বাসের মতো।
২১ ফেব্রুয়ারি থেকে প্রচারণার ট্রেনে চেপে বসে ‘প্রেশার কুকার’। প্রথম পোস্টারেই নেটিজেনদের করে কুপোকাত। অন্যরূপে শবনম বুবলী, নাজিফা তুষিদের দেখে মুগ্ধতার প্রেশার বাড়ে তাদের।
বিজ্ঞাপন

সেই রেশ থাকতেই একাধিক পোস্টার প্রকাশ করেন নির্মাতা। সেগুলোও সমাদৃত হয়। ছবিটি হয়ে ওঠে সিনেমাপ্রেমীদের ভাবনার খোরাক। সে ভাবনা আরও উসকে দিতে রাফী উন্মোচন করেন ফার্স্ট হুইসেল।
সামাজিক মাধ্যমে সকল প্রশংসা নিজের করে নেয় ছবিটির প্রথম ঝলক। প্রশংসিত হয় সিনেমাটোগ্রাফির পাশাপাশি অভিনয়শিল্পীদের লুক। শুরু হয় ফার্স্ট হুইসেল নিয়ে মাতামাতি।

বিজ্ঞাপন
এই ফাঁকে রাফী চাইলে বিশ্রাম নিতে পারতেন। কিন্তু তিনি যেন পণ করেছেন এক মুহূর্তের জন্য দর্শকের মস্তিষ্ক থেকে ফিকে হতে দেবেন না ‘প্রেশার কুকার’কে। একের পর এক কনটেন্ট প্রকাশ করছেন। সবশেষ আজ বুধবার এক পোস্টারের মাধ্যমে মনে করিয়ে দিলেন ছবিটি এই ঈদে আসছে সিনেমা হলে।
এক গাড়িতে চার নায়িকার সে লুক টেনেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। মন্ত্যবের ঘরে কেউ নির্মাতার প্রচারণার পদ্ধতিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ জানিয়েছেন শুভকামনা। সব মিলিয়ে বলতেই হয় প্রচারণায় ‘প্রেশার কুকার’ সেরা।

‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। এটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তি পাবে। অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। আরও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

