রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বাবা, পূজা বললেন আমার সঙ্গে সম্পর্ক নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বাবা, পূজা বললেন আমার সঙ্গে সম্পর্ক নেই

চলচ্চিত্র নির্মাণের নামে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ এপ্রিল  মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে। তবে বিষয়টি সামনে আসে গতকাল শনিবার। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন পূজা। 

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন পূজা। যেখানে অভিনেত্রীর দাবি বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার সম্পর্ক নেই। পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো অভিনেত্রীর প্রতিক্রিয়াটি— 


বিজ্ঞাপন


‘‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।

১. ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতা: আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

puja-cheri_20260426_083657368


বিজ্ঞাপন


২. আর্থিক লেনদেন: আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই।

৩. সম্মান ও ব্যক্তিগত জীবন: একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।

এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’’

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

puja-20221006103934_(1)

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অতিরিক্ত অর্থপাঠানো হয়। 

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। উল্টো টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। এতে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর