রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কারাগারে পূজা চেরির বাবা, মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

কারাগারে পূজা চেরির বাবা, মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র নির্মাণের নামে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৮ এপ্রিল  মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় তাকে। তবে বিষয়টি সামনে আসে গতকাল শনিবার।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আপনারা যে অভিযোগ কিংবা মামলার কথা বলছেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এ বিষয়ে জড়াবেন না। মামলাটি তদন্তাধীন, এটি আমার পারিবারিক বিষয় হলেও এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই। আইনগত প্রক্রিয়া চলমান, সিদ্ধান্ত দেবেন আদালত।’

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর একই ধরনের আশ্বাসে আরও ৫০ লাখ টাকা এবং পরে ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আরও ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চও তার অনুরোধে বিকাশে অতিরিক্ত অর্থপাঠানো হয়। 

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। উল্টো টাকা চাইলে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে হুমকিও দেওয়া হয়। এতে প্রতারণার মাধ্যমে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মিজানুর রহমান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর