গ্রেফতারের পর থেকে প্রতারক সুকেশ চন্দ্রশেখর যতবার ভালোবাসা দিয়ে বশ করতে চেয়েছেন ততবার ফিরিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সুকেশের বিরুদ্ধে হচ্ছেন রাজসাক্ষী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ওই প্রতিবেদন অনুযায়ী, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চলেছেন জ্যাকুলিন।
বিজ্ঞাপন
দুই শ কোটি রুপির এই প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশের সঙ্গে জ্যাকুলিনের নাম জড়াতেই প্রেমিকার হয়ে মুখ খুলেছিলেন তিনি। সুকেশ তখন থেকে নিয়মিত অভিনেত্রীর পক্ষে কথা বলেছেন।
নিজের হাতে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন, প্রতারণা মামলায় জ্যাকুলিনের নাম টেনে আনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তারা দুজনে সম্পর্কে ছিলেন। জ্যাকুলিন এবং তার পরিবারকে যে উপহারগুলো তিনি দিয়েছেন সবকিছু নিজের ইচ্ছায় দিয়েছেন। জ্যাকুলিন তার কাছ থেকে ভালোবাসা ছাড়া আর কিছুই চাননি।
তবে গ্রেফতারের পর সুকেশের ভালোবাসার ডাকে কখনও সাড়া দেননি জ্যাকুলিন। তবে পুলিশের জেরার মুখে স্বীকার করেছিলেন সুকেশের দেওয়া উপহারসামগ্রীর কথা। এবার দেখা যাক আদালতে দাঁড়িয়ে কী বলেন সুকেশকে নিয়ে।




