দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বোর আর নেই। নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে অভিনেতার মৃত্যুর খবর।
দক্ষিণ কোরিয়ার পিয়ংতায়ক এলাকায় লির বাসভবন। গেল বৃহস্পতিবার (২৬ মার্চ) সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের এক সদস্য তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তারা এসে অভিনেতার নিথর দেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তবে অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক বা অস্বাভাবিক ঘটনার প্রমাণ মেলেনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছে তার সংস্থা কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ (কেএমজি)। এক বিবৃতিতে তারা জানায়, আমাদের অভিনেতা লি সাং-বোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ প্রকাশ করা হচ্ছে না। সবার কাছে অনুরোধ, এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। আগামী ২৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে পিয়ংতায়ক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিসিবলে ম্যান ছৈ হ্যাং সো’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ধীরে ধীরে তিনি জায়গা করে নেন কোরিয়ান নাট্যজগতে। ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মোন্টে-ক্রিস্টো’ এবং ‘টি এলিগেন্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মোন্টে-ক্রিস্টো’তে তার প্রধান চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

