বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

নাটকটির তিন অভিনয়শিল্পীর একজনও বেঁচে নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

নাটকটির তিন অভিনয়শিল্পীর একজনও বেঁচে নেই

সময়ের নিষ্ঠুর পরিহাস কখনও কখনও রূপালি পর্দার গল্পকেও হার মানায়। সম্প্রতি শামস সুমনের মৃত্যুর পর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে প্রবাসীদের জীবনযুদ্ধ নিয়ে নির্মিত ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ নাটকের একটি অংশ বিশেষ। দৃশ্যটি নেটিজেনদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। 

নাটকের অংশ বিশেষে দেখা যাচ্ছে বরেণ্য অভিনেতা ডা. ইনামুল হক, অভিনেত্রী হুমায়রা হিমু এবং অভিনেতা শামস সুমনকে। বেদনার বিষয় হলো, পর্দার তিন অভিনয়শিল্পীর একজনও বেঁচে নেই। 

সময়ের ব্যবধানে পর্দার তিন প্রিয় মুখ পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। যা দেশের নাট্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা। 

magg

অসীমের পথে অনন্ত যাত্রার মিছিলে প্রথম বিদায় নিয়েছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ডা. ইনামুল হক। ২০২১ সালের ১১ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনয়ের পাশাপাশি একজন সফল নাট্যকার ও নির্দেশক। দীর্ঘ কর্মজীবনে বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


বিজ্ঞাপন


ইনামুল হকের প্রয়াণের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ২০২৩ সালের ২ নভেম্বর আত্মহত্যা করে দুনিয়া ছাড়েন অভিনেত্রী হুমায়রা হিমু। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখা হিমু তাঁর সাবলীল অভিনয় দিয়ে জয় করেছিলেন কোটি মানুষের মন। 

image

শোকের মিছিলে সবশেষ যুক্ত হলেন অভিনেতা শামস সুমন। গত ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশি ও নব্বইয়ের দশকে মঞ্চ ও টেলিভিশনের দাপুটে এই অভিনেতা তাঁর গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ ও অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সুমনের আকস্মিক মৃত্যুতে সোনালি দিনের যবনিকাপাত ঘটল। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর