অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা মারা গেছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ইকরা।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, ‘শুনেছি, তিনি একজন অভিনেতার স্ত্রী। দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’
বিজ্ঞাপন
আলমগীর জাহান আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ বলেন, ‘আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।’
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলভী লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম ।খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই।’
এরপর লেখেন, ‘আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’
বিজ্ঞাপন
সবার উদ্দেশে আলভী লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।

