শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

গিনেস বুকে ‘ধুরন্ধর’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

গিনেস বুকে ‘ধুরন্ধর’!

বলিউড অভিনেতা রণবীর সিং ও অক্ষয় খান্নার ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর জয়রথ যেন থামছেই না। এবার সিনেমাটির সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। এই ছবির জনপ্রিয় গান ‘ফাসলা’ (Fa9la)-র জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বাহরাইনি র‍্যাপার ফ্লিপারাচি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, “ফ্লিপারাচির ‘ফাসলা’ গানটি ‘বিলবোর্ড আরাবিয়া চার্ট’-এ একক গান হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক বিলবোর্ড টপকে একযোগে চারটি চার্টে শীর্ষস্থান দখল করেছে। গানটি অ্যারাবিয়া চার্টের ‘টপ ১০০ আর্টিস্ট’, ‘হট ১০০ সংস’, ‘টপ ৫০ খলিজি’ এবং ‘টপ ৫০ অ্যারাবিক হিপহপ’—এই চারটি তালিকায় একই সময়ে এক নম্বর অবস্থান অর্জন করে।”

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় অক্ষয় খান্নার (রেহমান ডাকাত চরিত্র) এন্ট্রি সিকোয়েন্সে এই গানটি ব্যবহার করা হয়। গানটির ভাষা না বুঝলেও এর সুর এবং হিপহপ গোটা বিশ্বকে মুগ্ধ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম আসায় উচ্ছ্বসিত র‍্যাপার ফ্লিপারাচি। গায়কের আসল নাম হুসাম আসিম। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস—এটা ভাবতেই দারুণ লাগছে। গানটি এমন একটি ভাষায় (হিন্দি) জনপ্রিয়তা পেয়েছে যে ভাষায় গানটি গাওয়াই হয়নি। এটা অন্য এক ভাষায় বিস্ফোরণ ঘটিয়েছে! একই সঙ্গে চারটি চার্টে টপ করা আমার জন্য বড় প্রাপ্তি।”

47n0ce1c_dhurandar-_625x300_08

তিনি আরও জানান, একটি ফটোশুটের সময় তিনি এই সাফল্যের খবরটি পান। ভারতের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার ইনবক্স প্রতিদিন কোটি কোটি মানুষের ভালোবাসায় ভরে উঠছে। সবাই গানটির সঙ্গে ভিডিও করছে, এটা অবিশ্বাস্য।”

কে এই হুসাম আসিম (র‍্যাপার ফ্লিপারাচি)?

হুসাম আসিম বাহরাইনের মানামার বাসিন্দা। ২০১৩ সালে ‘Straight Out of 2Seas’ অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এক দশক ধরে অ্যারাবিক হিপহপকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার এক পুত্রসন্তান রয়েছে।

‘ধুরন্ধর’ সিনেমাটি বক্স অফিসে ১০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমাগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

সূত্র-টাইম ইন্টারটেইনমেন্ট 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর