প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করে চমকে দিয়েছেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গোপনে বিয়ে সেরে বিপাকে তিনি। প্রথম স্ত্রীর দায়ের করা মামলা থেকে রেহাই পেতে চক্কর কাটছেন আদালতের বারান্দায়। বুধবার কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেন এই বিজেপি বিধায়ক।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হিরণের আইনজীবী আগাম জামিনের জন্য আদালতে দ্রুত শুনানির অনুরোধ জানিয়েছেন। যদিও শুনানির দিন এখনও ধার্য হয়নি বলে জানা গেছে। অভিনেতা যেভাবে দ্বিতীয় বিয়ে করেছেন তা হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী আইনগত অপরাধ। অভিযোগ প্রমাণ হলে কারাভোগ করতে হতে পারে।
বিজ্ঞাপন
হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকার বায়ো অনুযায়ী, তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তিনি পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশ নেন এবং জয়ী হন। ঋত্বিকা ভারতের জাতীয় স্তরের যোগাতে গোল্ড মেডেলিস্ট। পাশাপাশি তিনি একজন আইনজীবী।
এর আগে ২০০৬ সালে অনিন্দিতা ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিরণ। বিয়ের আগে তাঁদের প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম নিয়াসা চট্টোপাধ্যায়। বিয়ের ১৬ বছরের মাথায় ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যদিও বিচ্ছেদের খবরকে 'অসত্য' বলে দাবি করেছিলেন অভিনেতা হিরণ।
২০০৭ সালে ‘নবাব নন্দিনী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হিরণ চট্টোপাধ্যায়ের। এরপর ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘মাঝিকিনে’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন।
ইএইচ/

