বলিউডের সুদর্শন ও সুঠামদেহী অভিনেতাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা জন আব্রাহামকে। ‘জিসম’ ও ‘ধুম’-এর সে আবেদন এখনও ভোলেননি দর্শক। সেই জনের এ কী হাল! আমূলে যেন বদলে গেছে চেহারা! যা দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি ছড়িয়েছে অভিনেতার। সেখানে নিজের সহযোগীদের সঙ্গে দেখা গেছে তাকে। তবে নেটিজেনদের নজর আটকে ছিল জনের আমূলে বদলে যাওয়া চেহারায়।
বিজ্ঞাপন
জনের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। হাতের পেশি এখনও দৃশ্যমান। কিন্তু মুখে এসেছে আমূল পরিবর্তন। ওজন কমে গেছে অনেকটা। মাথায় কাঁচাপাকা চুল। জনকে এমন বেশে দেখতে খুব একটা কেউ অভ্যস্ত নন।
প্রিয় তারকাকে এরকম চেহারায় দেখে হতাশ অনুরাগীরা। কেউ লিখেছেন, “এ কী হয়েছে জনের? এত বদল! উনি সুস্থ আছেন তো? এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি করা নয় তো?” আরেক জন প্রশ্ন করেছেন, “দেখে মনে হচ্ছে, ওনার ওজন হঠাৎ অনেকটা কমে গেছে। ওজন কমে যাওয়ার জেরেই মুখের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে।”
বিজ্ঞাপন
তবে অনেকে স্বাভাবিকভাবে নিয়েছেন। তারা মনে করছেন ৫৪ বছর বয়সী জনের চেহারায় পরিবর্তন আসা খুব স্বাভাবিক। কারও মতে এটা হয়তো নতুন কোনো কাজের লুক। যদিও জনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

