ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ সম্মাননা পেলেন ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। আর পদ্মভূষণ সম্মান পেয়েছেন দক্ষিণী অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক, এবং পদ্মশ্রী পেলেন টলিউড সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বলিউড অভিনেতা ও নির্মাতা আর মাধবন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ্ম সম্মাননায় ভূষিতদের নামের তালিকা প্রকাশ করে।
বিজ্ঞাপন
ভারতের প্রজাতন্ত্র দিবসে ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর মধ্যে রয়েছেন ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক।
হিন্দি ছবির ইতিহাসে ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র কয়েক দশক ধরে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। এ ছাড়া বলিউডের প্লেব্যাক গানের স্বর্ণযুগের অন্যতম কণ্ঠ অলকা ইয়াগনিক হাজারের বেশি গানে কণ্ঠ দিয়ে কয়েক প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগীতে তাঁর দীর্ঘ ও সফল যাত্রার স্বীকৃতি হিসেবেই তাঁকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে।
অন্যদিকে চার দশকের বেশি সময় ধরে বাংলা ছবির মূলধারার নেতৃত্ব দিয়ে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর মাধবন তাঁর অভিনয়দক্ষতা দিয়ে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও তৈরি করেছেন আলাদা পরিচিতি।
ইএইচ/

