শিক্ষার মান বাড়াতে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং কর্মসংস্থানসহ সব ক্ষেত্রেই পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। মানসম্পন্ন শিক্ষক, গবেষক ও দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষক নিয়োগের মান নিয়ে মন্ত্রী বলেন, বিসিএস শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের মানের পার্থক্য কমাতে হবে। এনটিআরসির নিয়োগ পরীক্ষাও বিসিএস শিক্ষা ক্যাডারের পরীক্ষার মতো মানসম্পন্ন হওয়া প্রয়োজন। নিয়োগের পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু শিক্ষকের মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় যদি মানসম্পন্ন শিক্ষক তৈরি করতে না পারে, সেটি ওই প্রতিষ্ঠানের ব্যর্থতা। শিক্ষার মৌলিক ভিত্তি ঠিক থাকলে একজন শিক্ষার্থী যেকোনো ক্ষেত্রে ভালো করতে পারেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো বিষয়ে যে ভিত্তি তৈরি হয়, তা পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।
বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাই কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব প্রক্রিয়া ও প্রয়োজন বিবেচনায় নিতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে নিজের বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘একসময় বিভাগটি দেশের অন্যতম সেরা ছিল। সেই অবস্থান ধরে রাখতে আধুনিক ল্যাব, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গবেষণার সুযোগ বাড়াতে হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভাগ কীভাবে পরিচালিত হচ্ছে এবং কী ধরনের গবেষণা হচ্ছে, সেসব অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।’
বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছে কী ধরনের আধুনিক ল্যাব, যন্ত্রপাতি ও গবেষণার সুযোগ প্রয়োজন, সে বিষয়ে পরিকল্পনা চেয়ে, সেগুলো বিবেচনা করে কাজ করার কথা জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে বিভাগের সাবেক শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়েও কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
দক্ষ জনশক্তি তৈরির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এভিয়েশন শিক্ষার সম্ভাবনার কথাও বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বে পাইলটের চাহিদা রয়েছে, কিন্তু এ প্রশিক্ষণ অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশে তুলনামূলক কম খরচে এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা সম্ভব। এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে শুধু পাইলট প্রশিক্ষণ নয়, বিমানবন্দর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করতে পারলে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।’
মন্ত্রী জানান, সম্প্রতি লালমনিরহাট সফরে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বুয়েটের গবেষণার জন্য একটি ল্যাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে কোথায় এবং কী ধরনের ল্যাব স্থাপন করা যায়, তা নিয়ে কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রসঙ্গ এসেছে।
বক্তব্যে নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন তাকে সমস্যার গভীরে গিয়ে সমাধান খুঁজতে শিখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এবং বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে লেগেছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষকদের কাছ থেকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, দায়িত্ব পালন ও নেতৃত্ব দেওয়ার শিক্ষাও পেয়েছেন। হলের ভিপি থাকাকালে শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়ন এবং চাকরিপ্রত্যাশীদের সহায়তায় উদ্যোগ নিয়েছিলেন। এসব অভিজ্ঞতা তাঁকে পরবর্তী সময়ে বিভিন্ন দায়িত্ব পালনে প্রস্তুত করেছে।
রাজনৈতিক জীবনে নানা বাধা ও নির্যাতনের মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। তবে এসব অভিজ্ঞতাকে শুধু কষ্ট হিসেবে দেখেননি; প্রতিটি পরিস্থিতি থেকে নতুন কিছু জানার ও শেখার চেষ্টা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উচ্চশিক্ষা নিয়ে গবেষণার বিষয়ে আলোচনার স্মৃতিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় উচ্চশিক্ষা নিয়ে গবেষণার আগ্রহের কথা জানিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী তাঁকে দেশের আর্থসামাজিক ও মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও গবেষণায় যুক্ত করার পরামর্শ দেন। পরে গবেষণার বিষয় নির্ধারণ করা হয় ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মানে শুধু একটি পদে থাকা নয়, কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকেও নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এমএইচ/এএম




