শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগ উঠেছে ‘নীলাচল’ পরিবহনের চালকের সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এই পরিবহনের নয়টি বাস আটকে কলেজ ক্যাম্পাসে নিয়ে গেছেন শিক্ষার্থীরা।
শনিবার (২১ নভেম্বর) সকালে বাসগুলো আটকে দিয়ে নীলাচল পরিবহনের চলাচল বন্ধ করে দেন তারা। ভুক্তভোগী ফাল্গুনী আক্তার বৃষ্টি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃষ্টি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে বাসায় যাওয়ার জন্য ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনে বাসের অপেক্ষায় ছিলাম। সাধারণত ঠিকানা পরিবহনে যাতায়াত করলেও সেদিন ওই পরিবহনের বাস না পেয়ে নীলাচল পরিবহনের একটি বাসে উঠেছিলাম। বাসের সহকারী হাতের ইশারায় গন্তব্য জানতে চাইলে সাভারে যাওয়ার কথা জানাই। পরে সহকারী নিজেই আমাকে বাসে উঠিয়ে নেন। কিন্তু তাকে পরিচয়পত্র দেখানোর পরও আমার কাছে ৪৫ টাকা দাবি করেন। আমি নিয়মিত ঠিকানা পরিবহনে ৩০ টাকা হাফ ভাড়া দিয়ে যাতায়াত করি।
ভাড়া নিয়ে আপত্তি জানালে বাসের সহকারী তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন অভিযোগ করে তিনি বলেন, আমি শুধু বলেছি, ঠিকানা বাসে যেখানে ৩০ টাকা দিয়ে যাতায়াত করি, সেখানে আপনি ৪৫ টাকা কেন চাচ্ছেন? এ কথা বলার পর তিনি ১০ টাকা আমার মুখের দিকে ছুড়ে দিয়ে বলেন, গাবতলী গিয়ে বাস থেকে নেমে যাবি। আমি বলি, আপনি নিজেই তো আমাকে বাসে উঠিয়েছেন, তাহলে এখন নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, তুই নামবি, তোর বাপসহ নেমে যাবে।
ফাল্গুনী আরও অভিযোগ করেন, এ সময় হেল্পার তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েও কটূক্তি করেন। তার ভাষ্য, ‘কত ঢাকা ভার্সিটির স্টুডেন্ট আসল, গেল, কিছু করতে পারল না; তুই কোন ভার্সিটির স্টুডেন্ট, কী করবি দেখা যাবে’ এমন মন্তব্য করেন ওই বাসের সহকারী।
ঘটনার সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানালে তাদের ওপরেও ওই বাসের সহকারী চড়াও হন বলে অভিযোগ করেন ফাল্গুনী। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ সময় বাসের এক যাত্রী তাকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পরামর্শ দেন। তবে পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরে বিষয়টি কলেজের হল সুপার, নিজ বিভাগ এবং কলেজের অধ্যক্ষকে জানান ভুক্তভোগী শিক্ষার্থী।
ফাল্গুনী বলেন, এ ধরনের হয়রানির শিকার শুধু আমার ক্ষেত্রেই না, অন্য নারী শিক্ষার্থীদেরও নিয়মিত এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই এককভাবে কোনো দাবি জানাতে চাই না। বরং সব শিক্ষার্থী মিলে একসঙ্গে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাই।
পরিবহনকর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলে ফাল্গুনী বলেন, যারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না; তাদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে? তাদের কি যথাযথ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? পরিবহনকর্মীদের আচরণ ও প্রশিক্ষণ নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এম/এফএ




