ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) ও শিখন হোসেন (১৭)।
এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য এবং এর সঙ্গে জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে সন্দেহজনক কোনো কিছু উদ্ধার করা যায়নি।
>> আরও পড়ুন
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া কয়েকজন ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করেছেন। আটক শিখন নামে এক শিক্ষার্থীকে এর আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। আগের একটি ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বর্তমান ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আটকের বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শুক্রবার রাতে ঢাকা কলেজে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হলের শিক্ষার্থীরা কয়েকজন সন্দেহভাজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তদন্ত দলও কাজ করছে।
এম/এএস




