ঢাকা কলেজের সাউথ হল ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দের সৃষ্টি হয় এবং ঘটনাস্থল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
শুক্রবার (২১ নভেম্বর) দিবারাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি ও আমার বন্ধুরা খাবার খেতে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। পথে আমার থেকে প্রায় ১০ হাত দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘বিকট শব্দ শুনে মুহূর্তের জন্য স্থবির হয়ে যাই। ঠিক তখনই সেখানে প্রচুর ধোঁয়া তৈরি হয়।’
ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিজভী বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু দুই হলের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই সময় দুই হলের মাঝখানের জায়গায় উপর থেকে হালকা ঝিরঝিরে আলোর মতো কিছু একটা ওপর থেকে নিচের দিকে আসতে দেখি। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। বিস্ফোরণের বেশ কিছুক্ষণ পরও সেখানে আলোর আভা দেখা যাচ্ছিল।’
এ বিষয়ে আরও একাধিক শিক্ষার্থী বিকট শব্দ শোনার বর্ণনা দেন।
তবে এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছুই জানাতে পারেননি ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ।
তিনি বলেন, ‘এমন ঘটনা আমি এখনো কিছু জানিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’
এম/এএম




